বাবুল হোসেন :
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়ইতলী ও গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে।
৪ এপ্রিল পুনরায় কড়ইতলী স্থল বন্দর দিয়ে কয়লা আমদানি উদ্বোধন করেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম।
এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া, কড়ইতলী গোবরাকুড়া আমদানী ও রপ্তানীকারক উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. রমজান আলী জহির প্রমুখ।
প্রধান অতিথি মাহমুদুল হক সায়েম বলেন, আমরা হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে নতুনভাবে সাজাচ্ছি। স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি চালু থাকলে আমাদের ব্যবসায়ীরা লাভবান হবে। বন্দরে আমাদের সীমান্ত হাট করার পরিকল্পনা রয়েছে। এখন শুধুমাত্র কয়লা আমদানী করছি অথচ এ বন্দর দিয়ে আরও কয়েকটি পণ্য সামগ্রী আমদানী করতে পারি । পাশাপাশি আমাদের দেশের কয়েকটি পণ্য রপ্তানীও করতে পারি এ বন্দর দিয়ে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিব । বন্দরটি পুরোপুরি চালু হলে দু’দেশের বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা তৈরি হবে।
এর আগে প্রধান অতিথি বন্দর এলাকায় গিয়ে পৌঁছলো সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
* ছবি ও নিউজ অনলাইন থেকে সংগৃহীত।