মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ১৪তম বিসিএস কর্মকর্তা অধ্যাপক ড. মুহাম্মদ শাহ আলমগীর। মঙ্গলবার (২ এপ্রিল) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আইন ২০২০-এর ধারা ১৩(২) অনুযায়ী মুহাম্মদ শাহ আলমগীর (১২৪০), মাদরাসা পরিদর্শক, মাদরাসা শিক্ষা বোর্ডকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়।
জানা যায়, মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ গত বছর অবসরে গেছেন। উনার অবসরে যাওয়ার পর মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এরপর ২ এপ্রিল অধ্যাপক ড. মুহাম্মদ শাহ আলমগীরকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
জানা যায়, অধ্যাপক ড. মুহাম্মদ শাহ আলমগীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। এরপর ১৯৯৩ সনে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। ২০২২ সনের ৭ মার্চে তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ পদে যোগদান করেন।
এর আগে অধ্যাপক ড. মুহাম্মদ শাহ আলমগীর শ্রীনগর সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। এরও আগে তিনি প্রভাষক পদে মাদারীপুর সরকারি কলেজ, কোটালিপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজ ও মুন্সিগঞ্জ হরগঙ্গা সরকারি কলেজে চাকরি করেছেন। কুমিল্লা হাসানপুর শহিদ নজরুল কলেজে তিনি সহকারী অধ্যাপক ছিলেন এবং সুনামগঞ্জ সরকারি কলেজ ও নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে তিনি সহযোগী অধ্যাপক ছিলেন। এছাড়া পটুয়াখালী সরকারি কলেজে তিনি উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন এবং প্রায় ৯ বছর তিনি বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. মুহাম্মদ শাহ আলমগীর থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন ও মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে লীডারশীপ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর প্রকাশ হলে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।