ময়মনসিংহের ফুলপুরে জুমার খুতবা চলাকালে ভাইটকান্দি পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আল আমিনের ওপর হামলার অভিযোগের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশ নেওয়া আলেম সমাজ ও তৌহিদি জনতা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার ভাইটকান্দি সখল্যা মোড় বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মুফতি মাজহারুল ইসলাম। বক্তব্য দেন মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জিয়াউল হক, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা উবাদুল্লাহ সাদ, মোহাম্মদ মোবারক হোসেন, হাফেজ বেলায়েত হোসেন, মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা সোহাগসহ স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, জুমার খুতবা চলাকালে মসজিদের ইমামের ওপর হামলার অভিযোগ কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। তারা এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, মসজিদে ইমাম-খতিবরা ধর্মীয় দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনরত অবস্থায় তাদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ বা হামলার ঘটনা ঘটলে তা ধর্মীয় ও সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
মানববন্ধন শেষে আয়োজকদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সখল্যা মোড় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা এহসানুল হক।