মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের তারাকান্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৪৯) ও মোশাররফ হোসেন (২১) নামে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দা টু ধোবাউড়া সড়কে ডৌহতলী কান্দাবাড়ি এলাকায় আরশাদ আলীর বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ধোবাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী হায়েস গাড়ির (নং ঢাকা মেট্রো- চ- ১১- ৮৭১৩) সাথে তারাকান্দা হতে ধোবাউড়াগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক সিরাজুল ইসলাম ও যাত্রী মোশাররফ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আর মোটরসাইকেলের অপর যাত্রী নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। নিহত মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম তারাকান্দার পঙ্গুয়াই গ্রামের মৃত আমির হোসেনের পুত্র আর যাত্রী মোশাররফ ধোবাউড়ার জাঙ্গালিয়া পাড়া গ্রামের সবুজ মিয়ার পুত্র। এছাড়া আহত নজরুল ইসলাম জাঙ্গালিয়া পাড়া গ্রামের মিয়া হোসেনের পুত্র। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, নিহতদের লাশ উদ্ধার করে তারাকান্দা থানা হেফাজতে রাখা হয়েছে। আর যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
* ছবি অনলাইন থেকে সংগৃহীত।