মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ময়লা আবর্জনা পরিষ্কার করালেন ফুলপুর ইউএনও এ. বি. এম. আরিফুল ইসলাম। হাসপাতালের সামনে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলে ওখানে একটি দুর্গন্ধময় পরিবেশের অবতারণা করা হয়েছে। যা হাসপাতালের পরিবেশকে দূষিত করে। এ বিষয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনেও নিউজ পাবলিশ হয়েছে। কিন্তু এরপরও গুরুত্ব দেওয়া হয়নি সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে।

এবার আজ সোমবার (৪ মার্চ) এসব ময়লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলামের নজরে পড়ে। এরপর তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিয়ে হাসপাতাল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করান।
এ বিষয়ে ফুলপুর উপজেলা প্রশাসনের ফেইসবুক আইডি থেকে তিনি একটি স্ট্যাটাস দেন।

ওখানে বলা হয়, হাসপাতালের দেয়ালঘেঁষে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিভিন্ন ধরনের বর্জ্য দীর্ঘদিন ধরে ওখানে ফেলা হয়। যা মারাত্মক পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির কারণের পাশাপাশি হাসপাতালে আগত রোগী ও সেবাপ্রার্থীদের ভোগান্তির কারণ ছিলো। ময়লা আবর্জনা পরিষ্কার করানোর সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, মেয়র মি. শশধর সেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সাথে নিয়ে তাৎক্ষণিক বর্জ্য অপসারণের ব্যবস্থা করান তিনি। একই সাথে সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক করা হয় যেনো এর পুনরাবৃত্তি না ঘটে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।