ময়মনসিংহের ফুলপুর থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) তানিমুল ইসলাম জুলাই ২০২৬ মাসের শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা অর্জন করেছেন।
সোমবার (১০ আগস্ট) ময়মনসিংহের পুলিশ সুপারের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কর্মদক্ষতা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ ভূমিকা রেখে ফুলপুর উপজেলা ও পৌর এলাকায় সুনাম অর্জন করেছেন এএসআই তানিমুল ইসলাম। গত এক বছরে তিনি ১৪৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন।
এএসআই তানিমুল ইসলাম বলেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতা রয়েছে উল্লেখ করে তিনি সার্কেল কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি), ওসি (তদন্ত) এবং থানায় কর্মরত সকল এসআই ও এএসআইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করে যেতে চান। এ ব্যাপারে তিনি সকলের দোয়া কামনা করেছেন।