আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে অটোচালককে মেরে রক্তাক্ত করার ঘটনায় থানায় মামলা
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে আলমগীর (২৪) নামে এক অটোরিকশা চালককে মেরে রক্তাক্ত করায় যাত্রী মনির হোসেন (৩০)-এর বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মিচকিপাড়া গ্রামে সিরাজ ডাক্তারের বাড়ির সামনে উত্তর পাশের রাস্তায় ওই মারামারির ঘটনা ঘটে। ফুলপুর থানার এসআই বকুল সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় কনস্টেবল মাহবুব ও কনস্টেবল মিলন তার সাথে ছিলেন।
এসআই বকুল জানান, মনিরের খালুর বাড়ি ওই এলাকায়। সে রাত পৌনে ১১টার দিকে অটোচালক আলমগীরকে নিয়ে একেবারে অজপাড়া গাঁয় যায়। গিয়ে ভাড়া না দিয়ে তার খালুর বাড়ি থেকে এসে দিবে বলে চলে যেতে চাইলে চালকের সাথে তার কথা কাটাকাটি হয়। চালকের সন্দেহ হয় যে, সে হয়তো তার গ্যাং আনতে যাচ্ছে এবং অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাবে। এমন ভেবে ভাড়া আদায় না করে তাকে যেতে দিতে চাচ্ছিল না। এক পর্যায়ে তাদের মাঝে ধস্তাধস্তি ও মারামারি হয়। দুজনই গড়িয়ে রাস্তার পাশে ক্ষেতে গিয়ে পড়ে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হয় এবং না বুঝে ওরাও অটোচালক আলমগীরসহ দুজনকেই অটো ছিনতাইকারী ভেবে উল্টাপাল্টা মারধর করে রক্তাক্ত করে। পরে এক পর্যায়ে ঘটনা বুঝতে পেরে এলাকাবাসী মনিরকে ঘেরাও করে আটকে রেখে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তাদের উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এরপর যাত্রী মনির ছিনতাইকারী না হলেও দুষ্ট প্রকৃতির লোক বলে প্রমাণ পাওয়ায় চালককে মারধরের অভিযোগে তার নামে মামলা করে পুলিশ। জানা যায়, আসামি মনির শেরপুরের নকলা উপজেলার দুকুরিয়া গ্রামের আব্দুল হাইয়ের পুত্র আর বিবাদী অটোরিকশা চালক আলমগীর ফুলপুর উপজেলার দ্বারাকপুর গ্রামের মফিদুলের পুত্র। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার এসআই বকুল সাহা বলেন, আসামি মনিরকে আজ শনিবার (২ মার্চ) বেলা দেড়টার দিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর অটোরিকশা চালক আলমগীরকে প্রাথমিক চিকিৎসাশেষে অটোরিকশাসহ তাদের বাড়িতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.