ময়মনসিংহের ফুলপুর উপজেলার পশ্চিম বাখাই চর বিলে মৎস্য সম্পদ সংরক্ষণে পরিচালিত অভিযানে ১৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন।
অভিযান চলাকালে প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের ১৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরার পরামর্শে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে ফুলপুর থানা পুলিশ, ইউনিয়ন গ্রাম পুলিশ এবং স্থানীয় ব্যক্তিবর্গ সহযোগিতা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন বলেন, প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।