ময়মনসিংহের ফুলপুরে খরিয়া নদী সংলগ্ন আমুয়াকান্দা ব্রিজ থেকে পুরাতন ডাকবাংলা বাইপাস সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটির পাশে গবাদিপশু জবাইয়ের ফলে রক্ত, মলমূত্র, নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের দাবি, প্রতিদিন সকালে কয়েকটি গরু জবাই করায় সড়কজুড়ে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে পথচারী ও আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছেন। দুর্গন্ধের কারণে ছাত্র ছাত্রী ও পথচারীরা অনেকেই নাক চেপে চলাচল করেন। স্থানীয়দের দাবি, এ কারণে কাজিবাড়ী জামে মসজিদে তাবলিগের জামাত আসতেও অনাগ্রহ দেখায় এবং নতুন ভাড়াটিয়ারাও অল্প সময়ের মধ্যে এলাকা ছেড়ে চলে যান।
স্থানীয় মুরব্বি আলহাজ জৈমত আলী, সাইফুল ইসলাম, কাজী ইমরান, শোভন, আবুল কাশেম ও আব্বাস আলীসহ এলাকাবাসী পৌর প্রশাসকের কাছে দ্রুত সড়কটি পরিষ্কার ও সংস্কারের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, মাত্র ৩০০ থেকে ৪০০ ফুট সড়ক সংস্কার করা হলে পুরাতন ডাকবাংলা এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি বাসস্ট্যান্ডের ফুটপাতে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওই বাইপাস সড়কের পাশে পুনর্বাসন করা গেলে যানজটও উল্লেখযোগ্যভাবে কমবে।
এ বিষয়ে ফুলপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের পরিকল্পনা ছিল এবং এ জন্য প্রায় ৮ লাখ টাকা বরাদ্দও রাখা হয়েছিল। তবে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কাজটি সম্পন্ন করতে আরও বেশি অর্থের প্রয়োজন। পরে ওই অর্থ আমুয়াকান্দা মোড় এলাকায় পুকুর ভরাট ও বাস-বে নির্মাণে ব্যয় করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো পৌরসভার জন্য কোনো উন্নয়ন বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।