ময়মনসিংহের ফুলপুর পৌরসভার গোদারিয়া সড়কে প্রায় ২ কিলোমিটার এলাকায় নতুন সড়ক বাতি স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় পৌরসভার অর্থায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সড়ক বাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে তিনি বলেন, নতুন সড়ক বাতি স্থাপনের ফলে রাতে পথচারী ও যানবাহন চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। নাগরিক সেবার মানোন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসব সড়ক বাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, যেসব বাড়ির সামনে সড়ক বাতি স্থাপন করা হয়েছে, সেগুলোর রক্ষণাবেক্ষণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি পৌরসভার যেসব এলাকায় এখনও সড়ক বাতি নেই, সেসব সড়কেও পর্যায়ক্রমে বাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সবশেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।