মো. আব্দুল মান্নান
আমেরিকায় সড়ক দুর্ঘটনায় এ কে সাইফুদ্দিন আহমেদ মন্টু (৫২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) আমেরিকান সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টার দিকে রাতের শিফট শেষ করে নিজের প্রাইভেট কার ড্রাইভ করে বাসায় ফেরার সময় অলবেনির পুরাতন লাউডন রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার খবর আমেরিকার ‘নিউজ ১০ এবিসি’ নামে একটি টিভিতে প্রচার করা হয়।

নিহত মন্টু ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহেব রোডের বাসিন্দা মরহুম হাফিজ উদ্দিন মাস্টারের দ্বিতীয় পুত্র। তিনি শিক্ষক পরিবারের একজন মেধাবী মানুষ ছিলেন। তাদের গ্রামের বাড়ি উপজেলার পয়ারী ইউনিয়নের গুপ্তেরগাঁওয়ে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, মন্টু প্রায় ২৫ বছর আগে ডিবি লটারী জিতে আমেরিকায় চলে যান। এর আগে তিনি বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তারপর ময়মনসিংহে পিটিআই ইন্সট্রাক্টর ছিলেন। টিচারদের প্রশিক্ষণ করাতেন। তার স্ত্রী তাহমিনা কাজিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। লটারী জিতে আমেরিকায় যাওয়ার পর এক এক করে পরিবারের প্রায় সবাইকে নিয়ে যান তিনি। সেখানে সপরিবারে থাকতেন। তিনি একটি হাসপাতালে জব করতেন। তার সহধর্মিণী তাহমিনা সেখানের একটি হাসপাতালের আরএমও বলে জানা গেছে। তার বড় ছেলে কুশল কম্পিউটার সাইন্সে পড়াশোনার পাশাপাশি জব করেন আর ছোট ছেলে অপলও এমবিএ পড়েন ও জব করেন। মন্টুর ভাই জাহাঙ্গীর মাসুদ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও আরেক ভাই আলমগীর মনসুর (মারুফ) একজন ইঞ্জিনিয়ার।

তারা অনেকেই প্রবাসী। তবে দেশেও আছেন বেশ কয়েকজন। ময়মনসিংহ মেডিকেল কলেজের কিডনি রোগ বিভাগের ডা. এ কে সালেহ আহমেদ মুকুল উনার ভাই। আরেক ভাই মেজবাহ্ উদ্দিন মামুন ফুলপুর আশা জেনারেল হাসপাতালের শেয়ার হোল্ডার ও ওখানেই জব করেন।
জানা যায়, মন্টুর বাবা হাফিজ উদ্দিন মাস্টার আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে উনার মরদেহ দেশে আনতে ভোগান্তির শিকার হতে হয়েছে। এজন্য এবার পরিবারের সদস্যরা মন্টুর মরদেহ দেশে না এনে সেখানেই সমাহিত করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাদ যুহর (বাংলাদেশ সময় অনুযায়ী রাতে) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সে দেশেই তাকে সমাহিত করা হবে।
এ ব্যাপারে নিহত মন্টুর বোন জামাই গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)-এর নির্বাহী পরিচালক ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল খালেক বলেন,

এ কে সাইফুদ্দিন আহমেদ মন্টু আমার বন্ধু ও ভাই। এবার ঈদে তার বাড়ি আসার কথা ছিল। কিন্তু তা আর হলো না। গত মাস তিনেক আগে তিনি এসেছিলেন এবং কাজিয়াকান্দা আঞ্জুমান কবরস্থানে তার মায়ের কবর জিয়ারত করে গেছেন। এসময় তিনি কাজিয়াকান্দা মাদরাসায় ও মসজিদে কিছু দানও করেছিলেন। যাক, আল্লাহ তায়ালা তাকে কবুল করুক। তার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) আমেরিকায় বাদ যুহর অনুষ্ঠিত হবে এবং সেখানে একটি মসজিদের পাশে তাকে কবরস্থ করা হবে। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার (১ মার্চ) কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা মসজিদে আসরের নামাজের পর দীনি আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় শরীক হবার জন্য অনুরোধ করা হল। এসময় তিনি মরহুমের রূহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করেন।