মো. আব্দুল মান্নান
গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)-এর নির্বাহী পরিচালক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল খালেকের সম্বন্ধি ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ সংলগ্ন সাহেব রোড নিবাসী আমেরিকা প্রবাসী একে সাইফুদ্দিন আহমেদ মন্টু (৫২) আর নেই। আমেরিকার অলবেনিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

তার গ্রামের বাড়ি ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামে। ওই গ্রামের মরহুম হাফিজ উদ্দিন মাস্টারের দ্বিতীয় পুত্র তিনি। তার আত্মীয় আওয়ামী লীগ নেতা মরহুম শাহ কুতুব চৌধুরীর সহধর্মিণী ফুলপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা ও গ্রামাউসের ব্যবস্থাপক আবুল কালাম আজাদসহ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ জাকির হোসেন জানান, মন্টু এবং তার সহধর্মিণী দুজনই হাসপাতালে জব করেন। রাতের শিফট শেষ করে বাসায় ফিরছিলেন মন্টু। বাসা থেকে মাত্র ১/দেড় কিলোমিটার দূরেই তিনি দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় তিনি একাই নিহত হন এবং তার গাড়ি দুমড়ে মুচড়ে যায়।
মন্টুর ছোট ভাই নিউইয়র্কে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর মাসুদ ও আরেক ভাই ইঞ্জিনিয়ার আলমগীর মনসুর (মারুফ) তারা দুজনই হাসপাতালে পৌঁছেছেন। জানা গেছে আগামীকাল বেলা ২টায় অলবেনিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে সমাহিত করা হবে।
এ ঘটনায় ময়মনসিংহ এব্রড ইউএসএ ইনক ও ফুলপুর ফ্যামিলি ইউএসএ সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে একে সাইফুদ্দিন আহমেদ মন্টুর আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।