মো. আব্দুল মান্নান
টাঙ্গাইলের সখিপুর উপজেলার ভূয়াইদ গ্রামে মায়ের নামে হাসপাতাল করছেন আমাদের আদরের ডা. মো. জাহিদুল ইসলাম সোহাগ। ডা. সোহাগ যখন নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাশরিকী জুট মিলস লি: হাফিজিয়া (ইংলিশ মিডিয়াম) মাদরাসার ওয়ান টুয়ের ছাত্র ছিলেন এ অধম তখন সেখানে শিক্ষক ছিল। সোহাগ তখন থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি এমবিবিএস সম্পন্ন করেন। জানা যায়, ৪০ শতাংশ জায়গার উপর ওই হাসপাতাল করার উদ্যোগ নিয়েছেন ডা. সোহাগ। এর পাশাপাশি তিনি একটি মাদরাসা ও একটি মসজিদও নির্মাণ করবেন বলে জানান এ প্রতিবেদককে। ডা. সোহাগের বাবা মজনু মিয়ার সাথে আমার আন্তরিক সম্পর্ক রয়েছে। তিনি আমাকে অনেক মহব্বত করেন। সোহাগের মা পর্দা করতেন। উনার সাথে আমার কখনো কথা হয়েছে বলে মনে পড়ে না। তবে তিনি অত্যন্ত ভাল মনের একজন মানুষ ছিলেন। ডা. সোহাগের মা বেগম হাসিনা ২০০৪ সনের ২ ডিসেম্বর হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন। মানবদরদী ছিলেন। সোহাগকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। সেসব স্বপ্ন আজ এক এক করে পূরণ করতে চান সোহাগ। আল্লাহ তায়ালা তাকে তাওফীক দান করুক। সোমবার (২৬ ফেব্রুয়ারি) হাসপাতাল নির্মাণ বিষয়ে জানান দিয়ে ডা. সোহাগ তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন,

“বেগম হাসিনা মেমোরিয়াল হাসপাতাল ”
‘নিজের মায়ের নামে করা প্রস্তাবিত হাসপাতাল।
আমার মায়ের খুব ইচ্ছা ছিল, ছেলে বড় হয়ে একজন ভালো ডাক্তার হবে এবং এই অঞ্চলের মানুষের সেবা করবে। আল্লাহর অশেষ রহমতে আমি তার সেই ইচ্ছা কিছুটা পূরণ করতে পেরেছি। উন্নতমানের চিকিৎসাসেবা প্রদান করার জন্য আমি আমার গ্রামে একটি সুসজ্জিত হাসপাতাল তৈরির ইচ্ছা জ্ঞাপন করেছি। কোনো রাজনীতি নয় বরং এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতালটি প্রতিষ্ঠা করতে চাচ্ছি। এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারাজীবন আপনাদের সেবা প্রদান করে যেতে পারি।’
এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় স্থানীয় হাই স্কুলের শিক্ষক মিনহাজ উদ্দিন, সমাজসেবক আমিনুল শিকদার, ব্যবসায়ী ও সমাজ সেবক বাহাদুর, ডা. সোহাগের বড়ভাই সোহেল রানা, তার বাবা মো: মজনু মিয়া, তুলা সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী রমজান খান প্রমুখ মুরুব্বি উপস্থিত ছিলেন।
ডা. জাহিদুল ইসলাম সোহাগ বর্তমানে পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় কর্মরত আছেন। তার এ মহৎ উদ্যোগ যাতে তিনি সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন এজন্য তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।