নিজস্ব সংবাদদাতা
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন বলেছেন, বিনা খরচায় কক্সবাজারে বেড়াতে নিয়ে সেখান থেকে ওই বাসে ইয়াবার চালান নিয়ে আসতো মাদক কারবারিরা। গতকাল সোমবার সোয়া লক্ষ ইয়াবা উদ্ধারের ঘটনায় আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কক্সবাজার থেকে পিকনিকের বাসে করে ইয়াবার বড় একটি চালান গাজীপুরে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পুবাইলে কুমারগাঁও এলাকায় অবস্থান নেয় গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। পরে সোমবার বিকালে ওই বাসটি কুমারগাঁও এলাকায় এসে পৌঁছলে এতে অভিযান চালিয়ে সোয়া লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

আটকরা হলেন, শামীম (৩৬), ইমারত (৩২), ইবরাহীম খলিল (৫৭) ও রমজান আলী।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক পৌনে ৪ কোটি টাকা।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন আরও বলেন যে, বাসটি জব্দ করা হয়েছে এবং আটক আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।