মো. আব্দুল মান্নান
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেছেন, তোমার সততা, দক্ষতা ও বিচক্ষণতা প্রশংসার দাবি রাখে। ৩০ জানুয়ারি এক পত্রের মাধ্যমে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামকে তিনি একথা বলেন। তিনি তার প্রশংসা করে বলেন, প্রিয় আরিফুল, তোমার প্রতি শুভেচ্ছা রইল। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তুমি সহকারী রিটার্নিং অফিসার হিসেবে মনোনীত ছিলে। তোমার নেতৃত্বে তোমার টিম অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে এই গুরু দায়িত্ব পালন করেছ। নির্বাচন পরিচালনার মত একটি বহুমাত্রিক জটিল কার্যক্রমে তোমার সততা, মেধা, প্রজ্ঞা ও আন্তরিক প্রচেষ্টা সর্বোপরি যে পেশাদারিত্ব পরিলক্ষিত হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে তোমার মত একজন সহকর্মী আমার টিমে পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। স্মার্ট বাংলাদেশ গড়ার অনুষঙ্গ হিসেবে আমরা চাই ময়মনসিংহ হবে প্রথম স্মার্ট বিভাগ। সেই কর্মযজ্ঞে আজকের মত ভবিষ্যতেও তোমার সর্বোচ্চ সহযোগিতা সহমর্মিতা ও প্রত্যয় অব্যাহত থাকবে এ আমার ঐকান্তিক প্রত্যাশা।
চিঠিটি ৩০ জানুয়ারি ইস্যু হলেও তিনি কবে পেয়েছেন তা জানা যায়নি। তবে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম শনিবার (১৭ ফেব্রুয়ারি) উহা ‘উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ’ নামীয় আইডিতে পোস্ট করেছেন। এসময় তিনি বলেন, কাজের স্বীকৃতি সবসময়ই অনুপ্রেরণাদায়ক।
অশেষ কৃতজ্ঞতা বিভাগীয় প্রশাসনের অভিভাবক মান্যবর বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া স্যারের প্রতি। এছাড়া এ চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ার পর বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।