মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে জিলাপি কিনতে গিয়ে তানিয়া (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তানিয়ার বড়বোন আরিফাও (৭) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার সাহাপুর বাজারে তালুকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিশু দুজন সাহাপুর গ্রামের চা বিক্রেতা আমিনুল ইসলামের কন্যা।
জানা যায়, বুধবার দিবাগত রাতে সাহাপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সকালে ওখানে তারা দুই বোন জিলাপি কিনতে গেলে ফুলপুরগামী মালভর্তি একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে তানিয়া ঘটনাস্থলেই মারা যায় আর আরিফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেশি খারাপ দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সরেজমিন গিয়ে জানা যায়, আমিনুলের বিয়ের ১৫ বছর পর তার প্রথম কন্যার জন্ম হয়। এর ৫ বছর পর দ্বিতীয় কন্যা নিহত তানিয়ার জন্ম হয়েছিল। দীর্ঘ দিন নিঃসন্তান থাকার পর দুজন কন্যা সন্তান পেলেও আবারও সন্তানহীন হওয়ার পথে হত দরিদ্র চা বিক্রেতা আমিনুল। কারণ বড় কন্যার অবস্থাও আশংকাজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করে থানায় এনে রাখা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে। থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আর এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।