মো. আব্দুল মান্নান
মাওলানা মিজানুর রহমান আজহারী আপনাকে ভালবাসি। আমি ছারছীনা দারুস সুন্নাত আলিয়া মাদরাসা থেকে ১৯৯৫ সনে কামিল পাস করেছি। আপনার উস্তাদ দারুন নাজাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর আমাদের সিনিয়র বড়ভাই।
আপনাকে আল্লাহ তায়ালা কবুল করেছেন। আপনি বড় জায়গায় আছেন। নিশ্চয়ই আপনার বড় গুণ আছে। আপনি তা অর্জন করেছেন। আপনার অগণিত ফ্রেন্ড ফলোয়ার। আপনি একজন বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার। আপনাকে তারা ফলো করে।
তারা আপনাকে আইডল মনে করে। আপনার অনুসরণ করে। আমিও আপনার বয়ান শুনি। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার বয়ান থেকে পাওয়া যায়। এতে উপকার হয়।
কিন্তু আপনাকে যে কারণে দৃষ্টি আকর্ষণ করছি তা হলো- আপনি আমাদের প্রিয় নবী মুহাম্মদের নাম উচ্চারণ করার সময় সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উচ্চারণ করতে কৃপণতা করেন। সাথে সাথে দরুদ পড়েন কিন্তু নিজের দরুদ পড়ার উচ্চারণটা সঠিক হয় না। বিষয়টি আপনি খেয়াল করেছেন কি? একটু খেয়াল করবেন, প্লীজ। আমার কাছে মনে হয়- আপনি বলেন, সলসলাম। যা খুবই বিশ্রী লাগে। আপনার মত বিশ্ব বরেণ্য ও বিদগ্ধ একজন আলেমের নিকট থেকে আমরা এরকম প্রত্যাশা করি না। আরেকবার ফেইসবুকে দেখলাম, আপনি টুপি ছাড়া খানা খাচ্ছেন। আপনার ফলোয়াররা বিষয়টি কিভাবে নেবেন? এগুলো আপনাকে ভাবতে হবে। কারণ আপনি তো শুধু আপনি না। আপনি এখন লাখো মানুষের আইডল। আশা করি মনে কষ্ট নিবেন না বরং যেসব কথা বললাম যাচাই বাছাই করবেন। যদি সত্য হয়ে থাকে তাহলে তা গ্রহণ করবেন। ওয়াস সালাম।