মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ এবং তৃতীয় দিন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এই তিনদিনের মধ্যে প্রথম দিনের অধিবেশন ও ক্রীড়া কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী (খোকন)-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, পয়ারী ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, ফুলপুর থানার সেকেন্ড অফিসার সুমন মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য উবায়দুর রহমান খসরু, আজিজুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খাঁন। এর আগে বিদ্যালয়ের পাঠাগার ও শ্রেণীকক্ষ পরিদর্শন করেন প্রধান অতিথি এ. বি. এম. আরিফুল ইসলাম। এসময় তিনি প্রধান শিক্ষক আয়ুব আলী (খোকন)কে বিদ্যালয়ের প্রয়োজনীয় আসবাবের চাহিদাপত্র দিতে বলেন। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারী দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত তালুকদারের পরিচালনায় শিক্ষার্থীদের দিয়ে সামাজিক নাটক রুপবান কন্যার বনবাস মঞ্চস্থ হবে। এছাড়া বৃহস্পতিবার ২০২৪ সালের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।