মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের তারাকান্দায় পিক-আপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপ ভ্যানের ড্রাইভার কামরুল ইসলাম (২২) ঘটনাস্থলেই মারা গেছেন। আর গুরুতর আহত অবস্থায় পিক-আপের ২ যাত্রী আব্দুল কাদির (৪৫) ও মিজানুর রহমান (৪৮)-কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটে তালদিঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত পিকআপ ড্রাইভার কামরুল হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র। আর যাত্রী আব্দুল কাদির হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মৃত উসন আলীর পুত্র এবং মিজান একই উপজেলার আকনপাড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র। আর আহতজনের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পিক-আপ ভ্যানের চালকসহ ৩ জন মারা গেছেন। পিক-আপ ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক আছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।