মো. আব্দুল মান্নান
ধোঁয়ার সাহায্যে মশা মারার ধোঁয়ার কুন্ডলী থেকে আগুন লেগে ৩ গরু পুড়ে ছাই হয়ে গেছে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৯নং ধারা ইউনিয়নের দক্ষিণ মাঝিয়াইল গ্রামে সোমবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক বেকারী মাল বিক্রেতা আকিকুল ইসলাম তখন ধারা বাজারে ছিলেন। পরে খবর পেয়ে বাড়িতে গিয়ে সাব-মার্সিবল থেকে পানি ছিটিয়ে বাড়ির অন্যান্য ঘর রক্ষা করা গেলেও গোয়াল ঘরের গরুগুলো রক্ষা করা যায়নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গৃহকর্তা আকিকুলের স্ত্রী বরাবরের মত ওইদিনও খড়কুটোর মধ্যে আগুন জ্বালিয়ে ধোঁয়ার কুন্ডলী বানিয়ে ঘরে চলে যান। যাতে ধোঁয়ায় মশা নিবারণ হয় এবং গরুগুলো মশার কামড় থেকে রক্ষা পায় কিন্তু হিতে হয়েছে বিপরীত।
কুন্ডলীর এ আগুন বেয়ে বেয়ে গোয়ালঘরের বেড়ায় ধরে যায় এবং এক পর্যায়ে গরুর শরীরে লাগে। গরুর নড়াচড়ার শব্দে আকিকুলের বড় মেয়ে ঘর থেকে বের হয়ে দেখে পুরা ঘরজুড়ে আগুন। তাদের বাড়ির পুরুষ লোকেরা তখন কেউ বাড়িতে ছিলেন না।
পরে মোবাইলে আকিকুলকে খবর দিলে সে বাজার থেকে এসে সাব-মার্সিবল চালু করে পানি দিয়ে আশপাশের ঘর রক্ষা করতে পারলেও রক্ষা হয়নি তার জীবন চলার সম্পদ গরু ৩টি।
এর আগে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ‘লাঠি আনতে আনতে কইন্যাইয়াই শেষ’ অবস্থা হয়েছে। হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার উমর খৈয়াম বলেন, ঘটনাস্থলে আমাদের পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন।
ওই এলাকার একজন মুরুব্বি বলেন, মশা মারতে গিয়ে আর গরু মারা যাবে না। আগুন বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে।
* ছবি অনলাইন থেকে সংগৃহীত।