মো. আব্দুল মান্নান
প্রত্যেক হাফেজ আলেমকে খেদমতের পাশাপাশি টুকটাক ব্যবসা করতে পরামর্শ দিয়েছেন বিশ্ব বিখ্যাত আলেমে দীন আল্লামা তকী উসমানী দামাত বারাকাতুহুম।
তিনি বলেন, ব্যবসা করা সুন্নাত। এর দ্বারা হালাল মাল কামাই হয় এবং এটি একটি উত্তম কাজ। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে ব্যবসা করেছেন। হালাল উপার্জন সম্বন্ধে একবার নবী (সা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসুল, কোন ধরনের উপার্জন সবচেয়ে উত্তম?’ জবাবে তিনি বললেন, ‘নিজের হাতের কাজ (কায়িক শ্রম) এবং সব ধরনের শুদ্ধ বেচাকেনা।’ (মুসনাদে আহমদ)
ইসলাম ব্যবসায় দারুণভাবে উদ্বুদ্ধ করেছে। অলসতা পরিহার করে কর্মোদ্যম হওয়ার তাগিদ দিয়েছে। কুরআনের বিভিন্ন জায়গায় ব্যবসাকে আল্লাহর অনুগ্রহ বলা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘এরপর নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।’ (সুরা জুমুআ: ১০) পবিত্র কুরআনের ভাষায় আল্লাহর অনুগ্রহ সন্ধান থেকে ব্যবসা বা অন্য কোনো উপায়ে জীবিকা উপার্জনকে বোঝানো হয়েছে।
আকিদা-বিশ্বাস ও ইবাদতের মতো ব্যবসা-বাণিজ্যও দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ। অনেক মুসলমান গুরুত্বসহকারে নামাজ-রোজা আদায় করলেও উপার্জনের ক্ষেত্রে হালাল-হারাম ও বৈধ-অবৈধ বাছবিচার করেন না। এটি খুবই পরিতাপের বিষয়। ব্যবসায়ীদের ফজিলত বয়ান করে হুজুর (সা.) বলেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা (আখেরাতে) নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবেন।’ (তিরমিজি)
এছাড়াও ব্যবসায়ীদের বিভিন্ন সম্মান ও মর্যাদা হাদীসে বয়ান করা হয়েছে। তাই আল্লামা তকী উসমানী দামাত বারাকাতুহুম সব আলেমকেই ফজিলতপূর্ণ এ কাজে সম্পৃক্ত হতে উৎসাহিত করেছেন।