আজ
|| ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
একটা টাকা কেউ চান্দা নিলে ফেরত দেওয়া হবে, ব্যর্থ হলে পকেট থেকে দিব — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ বলেছেন- একটা টাকা কেউ চান্দা নিলে আমাকে জানাবেন ফেরত দেওয়া হবে। ব্যর্থ হলে আমার পকেট থেকে দিব। তারাকান্দায় একটি ইফতার ও দোয়া মাহফিলে ইফতারপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এমপি মুহাম্মাদুল্লাহ বলেন, এই রমজানের মত এত আরামদায়ক রমজান আরও পেয়েছেন কি? বুকে হাত দিয়ে ঈমানের সাথে বলেন তো আপনারা? কোন চান্দাবাজি হয়েছে কি? কেউ চান্দার জন্য আপনাদের দোকানপাটে গিয়েছে কি?
আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলবো- আমি মুহাম্মাদুল্লাহ যতদিন এমপি থাকবো একটি টাকা কেউ চান্দা নিতে পারবে না। যদি কেউ আপনাদের কাছে চান্দা দাবি করে অথবা আদায় করে আমাকে জানালে আমি সেই চান্দার টাকা আপনাকে ফেরত এনে দিব। যদি ব্যর্থ হই তাহলে আমার পকেট থেকে আপনাকে দিব কিন্তু ফুলপুর তারাকান্দায় কোন চান্দাবাজি করতে দিব না।

আমি আমার দলের নেতাকর্মী ও আমাদের ১১ দলের নেতাকর্মীদেরকে বলেছি- আপনারা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই দেশ এই জাতির কল্যাণের ফিকিরে মেহনত করেন তাহলে ফি সাবিলিল্লাহ বা বিনা পয়সায় করতে হবে। কোন টেন্ডারবাজি ধান্দাবাজির পেছনে দৌঁড়ানো যাবে না।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুস সবুর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুফাজ্জল হুসাইনের সঞ্চালনায় খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান শেখসহ অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.