আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার জন্য আদালতে রিট আবেদন করলে আদালত বিষয়টি আমলে নেন এবং নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও রেজাল্ট শীট সংরক্ষণ করে আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। আজ সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনী ট্রাইব্যুনালে প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদেশে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ-২ আসনের নির্বাচনী ব্যালট পেপার ও রেজাল্ট শীটসহ প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করে আদালতের নির্দেশনা অনুযায়ী হেফাজতে রাখার কথা বলা হয়েছে। রিট আবেদনে অভিযোগ করা হয়, নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি ও অনিয়মের ঘটনা ঘটেছে। এসব অভিযোগ তদন্তের স্বার্থে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ করা জরুরি বলে উল্লেখ করা হয়। পরে আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যালট পেপার ও রেজাল্ট শীট সংরক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
উল্লেখ্য, ময়মনসিংহ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসনটিতে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিক্রিয়ায় এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, ভোট গণনা যদি হয়, সুষ্ঠু হয় তাহলে আমাদের হিসাব অনুযায়ী প্রায় ১ লক্ষ ভোট আমরা বেশি পেয়েছি। এটা যেভাবেই গণবেন ১ লক্ষ ভোট বেশি হবে। বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, চুরি করে যদি কিছু কমিয়ে থাকেন সেটা নিজেরা ধরা দিতে আইসেন না। কারণ, এগুলো যারা করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমরা চাই না, আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। আপনাদেরকে সাথে নিয়ে জনগণের উন্নয়ন করার আহ্বান আমরা বার বার জানিয়েছি। এরপরও যদি আপনারা আপনাদের রাস্তায় হাঁটেন, সন্ত্রাসী চাঁদাবাজদেরকে যদি প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন তাহলে ফুলপুর তারাকান্দার জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র সকল সন্ত্রাসী চাঁদাবাজের দাঁত ভেঙে দেব। আমরা সন্ত্রাসীর প্রশ্রয় ফুলপুর তারাকান্দায় দিব না।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.