আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ বলেছেন, 'একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন।' প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে বাংলাদেশ যুব মজলিস ফুলপুর শাখার আয়োজনে ময়মনসিংহের ফুলপুর আমুয়াকান্দা বাজারে বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি মুহাম্মাদুল্লাহ বলেন, যারা বিভিন্ন জায়গায় আমার বদনাম ছড়ানোর চেষ্টা করেন, আমাকে প্রতিবন্ধকতা করার চেষ্টা করেন এটা করবেন না, আল্লাহর ওয়াস্তে। ইফতারের আগ মুহূর্তে বলতেছি- এগুলো করবেন না। করলে আপনারাই হেরে যাবেন। 'একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন।'
প্রতিপক্ষকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, একবার হেরেছেন, ধৈর্য্য ধরেন, আল্লাহ জিতাবেন। কিন্তু একবার হারার ক্রোধ যদি সংবরণ করতে না পারেন তাহলে একবার নয় হাজার বার হারতে হবে।
তিনি বলেন, আমি মুহাম্মাদুল্লাহ এমন কোন ব্যক্তি নই যে, আপনার সাথে পাল্লা দিয়ে কথা বলতে চাচ্ছি। বরং আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে এসেছি। দুনিয়ার কেউ আমার পাশে না থাকলেও আমার মাবূদ আমার সাথে আছে।
এসময় তিনি একটি উর্দু বায়াত পেশ করেন। তিনি বলেন, 'আর জুঁ তো মেরা তো সব মেরা, ফালাক মেরা, জমিন মেরি। আগার তো এক নেহি মেরা, তো কু এ শায় নেহি মেরি।' অর্থাৎ মাবূদ যদি কারো হয় তাহলে সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়।
তিনি আরও বলেন, আমি মনে করি- মাবূদ আমাকে এখানে এনে গাড় ধরে ইলেকশনে দাঁড় করিয়ে এমপি বানিয়েছেন। এটা কি আপনারা বুঝেন না? সারা জীবন মেহনত করেছেন আর আমি ২-৩ মাস মেহনত করেছি। পার্থক্যটা কোথায় এখনো বুঝেন না আপনারা? এ পার্থক্যটা জ্ঞানী মানুষকে তো বুঝানো উচিত না। বুঝে নেওয়া উচিত। যে কারণে আল্লাহ আমাকে ধরে এনে এমপি বানিয়েছেন, ওই কারণেই তিনি আমাকে ৫ বছর মানুষের খাদেম হিসেবে রাখবেন। আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আপনারা কালারিং হয়ে যাবেন। আরও কালারিং হবেন, আরও কালারিং হবেন। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন।
এজন্য কালারিংয়ের দিকে না গিয়ে কাছে আসুন। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এলাকার উন্নয়নে কাজ করি। আল্লাহ আমাদেরকে তাওফীক দান করুক।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.