মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
জানা যায়, স্যার আসরের নামাজ পড়ে ফুলপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে জাহান ফার্মেসীতে এসে বসেন। হঠাৎ উনার শরীরটা খারাপ লাগছিল। বমি বমি লাগছিল। ফার্মেসী থেকে বের হয়ে বমি করার চেষ্টা করেন কিন্তু বমি হয়নি। এরই মধ্যে তিনি খাড়া থেকে ঢলে পড়ছিলেন। পরে দ্রুত ত্রিশাল চুরখাই কমিউনিটি বেজড্ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আয়ুব আলী খোকন স্যার পয়ারী চেয়ারম্যান বাড়ির মরহুম ইউনুস আলীর ছেলে। স্যারের সাথে সকাল বেলায় হাঁটতে গেলে বা বিভিন্ন অফিসে মিটিংয়ে দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো। তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন। সর্বশেষ সপ্তাহখানেক আগে মহিলা কলেজের সামনে সকাল বেলায় হাঁটার সময় ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী স্যার ও উনার সাথে দেখা এবং শিক্ষা বিষয়ে কথা হয়। ইউনুস সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলছিলেন, ‘বেডারে সময়ই দিতাছে না। শিক্ষার ক্ষেত্রে এই অল্প কিছু দিনের মধ্যে তিনি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। আরেকটু সময় পেলে আরও অনেক কিছুই ঠিক করে ফেলতেন।’ এছাড়াও রাজনীতিসহ আয়ুব আলী স্যার নানা বিষয়ে আলাপ আলোচনা করতেন। পথে ঘাটে দেখা হলে একটি নামকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি আমাদের সাথে তাকাব্বুরি বা অহংকার প্রদর্শন করতেন না। যতটুকু অনুভব করেছি ভালোবাসতেন, মূল্যায়ন করে কথা বলতেন। দোয়া রইলো স্যারের জন্য। আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করেন।
মৃত্যুর সময় তিনি স্ত্রী ও ২ কন্যাসহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাজায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
* ছবি অনলাইন থেকে নেওয়া।