মোঃ আব্দুল মান্নান :
দৈনিক বাংলাবাজার পত্রিকার ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি পৌরসভার কাজিয়াকান্দা বড়বাড়ির কৃতি সন্তান জাহিদুল হক ইমনের বাবা নূরুল হকের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টা ১২ মিনিটের সময় ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। ইমন নিজেই তার বাবার জানাজার নামাজে ইমামতি করেন।
জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ফায়ার সার্ভিস সংলগ্ন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মরহুমের একমাত্র পুত্র সন্তান দৈনিক বাংলাবাজার পত্রিকার ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জাহিদুল হক ইমন প্রমুখ।

বক্তৃতায় ইমন বলেন, কয়েক বছর আগে আমার আম্মা বিদায় নিয়েছেন। গত রাত দেড়টার দিকে আমার পিতাও দুনিয়া থেকে চলে গেছেন। উনার আইডি কার্ডের তথ্য অনুযায়ী উনার জন্ম ১৯৩৬ সনে। সে হিসেবে তিনি ৯০ বছর বয়স পেয়েছেন।
তার জীবদ্দশায় তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ে একাধারে ৪০ বছর চাকরি করেছেন। আমার জীবনে উনাকে আজও দেখিনি তিনি কারো সাথে কোন খারাপ আচরণ করেছেন বা কারো কোন টাকা মেরে খেয়েছেন।
তারপরও উনার চলার পথে আচার আচরণে যদি কেহ কোন কষ্ট পেয়ে থাকেন, তাহলে আজকের এই শেষ দিনে উনাকে ক্ষমা করে দিবেন। আর সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার পিতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসীব করেন।
এসময় জানাজায় বহু মানুষ উপস্থিত ছিলেন। জানাজাশেষে উনাকে কাজিয়াকান্দা কামিল মাদরাসা সংলগ্ন আঞ্জুমান কবরস্থানে দাফন করা হয়।