মো. আব্দুল মান্নান
বহুল আলোচিত সড়ক দুর্ঘটনায় নিহত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের কুমুরিয়া পূর্ব পাড়া গ্রামের মুজিবুর রহমান এমেলের এসএসসি পরীক্ষার্থী ছেলে তামিম ও বাঘমার গ্রামের আতিকুল ইসলাম দুদুর ইন্টার পড়ুয়া ছেলে রাতুলের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। তারা উপজেলার ধারা ইউনিয়নের দড়ি নগুয়া মিল গেট এলাকায় তোলা মিয়ার বাড়ির সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাদের ৩য় বন্ধু লিটন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) খরমা বি কে কে উচ্চ বিদ্যালয় মাঠে বাদ যুহর আড়াইটার দিকে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বয়ান করেন ফুলপুর দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান।
এরপর খরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম খানের সঞ্চালনায় জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ৮নং নড়াইল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোসেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, রমিজ উদ্দিন মাস্টার, খরমা বি কে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আলম রুবেল, খরমা স্কুলের সাবেক শিক্ষক আহমাদ মাস্টার, তামিমের বাবা আলিশা বাজারের হোমিওপ্যাথি চিকিৎসক মুজিবুর রহমান এমেল, রাতুলের বাবা আতিকুল ইসলাম দুদু প্রমুখ। এসময় ইউনিয়ন ইত্তেফাকের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুনাঈম, মুফতী সিরাজুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, মইশাউন্দা গ্রামের মোখলেসুর রহমান, দূরবীন শাহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে রাতুলের আত্মীয় তারাকান্দার মুফতী উবায়দুল্লাহ জানাজার নামাজে ইমামতি করেন।
এরপর তামিমের লাশ কুমুরিয়া পূর্ব পাড়ায় তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর পৃথক আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে স্থানীয় এক মুরুব্বি ও এ প্রতিবেদক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ওখানে ইমামতি করেন তামিমের চাচা হাফেজ নোবেল। এসময় তামিমের দাদা আলিফ হোসেন, বাবা মুজিবুর রহমান এমেল, ফুফা আর্মি আব্দুল মান্নান, ফুফাতো বোন জামাই হৃদয়, বাগিচাপুরের মোশাররফ হোসেন, মুফতী সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে তামিমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।