মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ করা হয়েছে। পূর্ব ঘোষণা মোতাবেক বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার পর শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু আমুয়াকান্দা ডাবল ব্রিজ থেকে যে দুটি সড়ক বাসস্ট্যান্ডে এসে যুক্ত হয়েছে ওই দুই সড়কের মাঝখানের কিছু দোকান অদৃশ্য কারণে উচ্ছেদ করা হয়নি।

এ ব্যাপারে ফল ব্যবসায়ী আতিকুর রহমান বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, ওরাও ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদেরকে উচ্ছেদ করা হলো তাহলে তাদেরকে নয় কেন? পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, বৃহস্পতিবারের মধ্যে তাদের উচ্ছেদ করা না হলে মিছিল নিয়ে আন্দোলনে নামবে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, দুই সড়কের মাঝখানের ব্যবসায়ীরা একদিন সময় নিয়েছে। বৃহস্পতিবারের মধ্যে ওরাও তাদের দোকান সরিয়ে নেবে। আর এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যাপারে আলোচনা চলছে বলে তিনি জানান।

অভিযান পরিচালনার সময় ফুলপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হক, ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি, সেনাসদস্য, পুলিশ, সেকেন্ড অফিসার এসআই সানাউল হক, রোডস অ্যান্ড হাইওয়ের সার্ভেয়ার, এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার মো. আব্দুর রাজ্জাক, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, কনজারভেন্সি ইন্সপেক্টর রেবেকা সুলতানা, এসিল্যান্ডের অফিস সহকারী নাজমুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।