মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বিপুল পরিমাণ সয়াবিন ও ৩২০ বস্তা নারিশ মৎস্য খাদ্য উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড়শুনই গ্রামে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করে বগুড়ার শেরপুর ও ফুলপুর থানা পুলিশ। এ ঘটনায় ৩জনকে আসামি করে ফুলপুর থানায় মামলা হয়েছে।

জানা যায়, বগুড়া থেকে হারানো মৎস্য খাদ্য ফুলপুরে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বগুড়া থেকে পুলিশের একটি টিম আসে। এসে তারা ফুলপুর থানা পুলিশের সাথে সমন্বয় করে বগুড়ার শেরপুর হতে ছিনতাই হওয়া খাদ্যের বস্তা উদ্ধারের লক্ষ্যে উপজেলার বড়শুনই গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ সয়াবিন তেল এবং বগুড়া থেকে হারানো ১২শ বস্তা মৎস্য খাদ্যের মধ্যে ৩২০ বস্তা খাদ্যের সন্ধান পাওয়া যায় এবং এগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত ৩২০ বস্তা খাদ্য বগুড়া থেকে আসা মালিকপক্ষের নিকট বুঝিয়ে দিলে তারা নিয়ে যায়। আর সয়াবিন তেলের মালিকপক্ষের সন্ধান না পাওয়ায় উহা ফুলপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের ইসরাফিল নামে এক ব্যক্তির শ্বশুর বাড়ি ফুলপুরের বড়শুনই গ্রামে। তিনি শ্বশুর বাড়িতে বিপুল পরিমাণ সয়াবিন তেল ও ওই এলাকার একটি ভাড়া দোকানে ৩২০ বস্তা নারিশ মৎস্য খাদ্য এনে রেখেছেন বলে জানা গেছে। এ ঘটনায় ইসরাফিল ও তার দুই ভাইয়ের নামে মামলা হয়েছে। এদিকে, সয়াবিন তেলের মালিকপক্ষের খোঁজ চলছে। যদি কেউ সঠিক কাগজপত্র দেখাতে পারেন তাহলে তার কাছে এ তেল হস্তান্তর করা হবে বলে জানান ওসি।