
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পূর্ব পরিচিত এক ব্যক্তির নিকট দুই টাইলস মিস্ত্রি টাইলসের কাজের সন্ধানে আসলে তাদেরকে জিম্মি করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় পুলিশ ও RAB যৌথভাবে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে অর্থাৎ মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপাড় (মেরিগাই) এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
জানা যায়, মামলার বাদি কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেয়ারচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রেজাউল করিম (৪৩) জানান, রাঙ্গামাটির লংগদু থানার মধ্য ঠেকাপাড়া গ্রামের জজ মিয়ার ছেলে সাকিবের সাথে টাইলসের কাজের সূত্রে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব। তারা দুজনই টাইলস মিস্ত্রি। টাইলসের কাজ উপলক্ষে তারা এর আগেও ফুলপুরে এসেছেন। এবার আবারও কাজের সন্ধানে তারা ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপাড় (মেরীগাই) এলাকার রইস উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান স্বপন (২৫)-এর বাড়িতে সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গিয়ে ওঠেন। তারপর কথাবার্তার এক পর্যায়ে স্বপন ওই দুই টাইলস মিস্ত্রি কাছে প্রথমতঃ ২ লাখ টাকা ধার দাবি করেন। পরে তারা তা দিতে অস্বীকার করলে স্বপন ক্ষীপ্ত হন এবং তার লোকজন নিয়ে তাদেরকে তার বাড়ির পাশে ফিশারীর পাড়ে নিয়ে জিম্মি করে ফেলেন এবং বাড়িতে ফোন দিতে বলেন। টাকা ২ লাখ না দিলে মেরে ফেলার হুমকি দেন এবং টর্চার করতে থাকেন। এমনকি তাদের বাড়িতে কল করে জিম্মিদের কান্নার আওয়াজ শুনিয়ে দ্রুত টাকা পাঠাতে বলা হয়। তা নাহলে তাদেরকে মেরে ফেলবে বলে জানায়। পরে তাদের বাড়ি থেকে নগদে ২০ হাজার টাকা ও বিকাশে ৯০ হাজার টাকা মোট ১ লাখ ১০ হাজার টাকা পাঠানো হয়। এরপরও তাদের ছাড়েনি। আরও টাকা পাঠাতে বলে। পরে তাদের আত্মীয়রা রৌমারী থানায় যোগাযোগ করলে রৌমারী থানা পুলিশ দ্রুত ফুলপুর থানায় ফোন দিয়ে ঘটনাটি অবহিত করেন। এরপর ফুলপুর থানা পুলিশ ও RAB যৌথভাবে (মঙ্গলবার, ১২ আগস্ট) অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে এবং নগদে ও বিকাশে হাতিয়ে নেওয়া ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপাড় (মেরীগাই) গ্রামের রইস উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান স্বপন (২৫), স্বপনের বড়ভাই মোশাররফ হোসেন (৩২), বাঘেরকান্দা গ্রামের তাহের উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৫২), খারইপাড় (মেরীগাই) গ্রামের মৃত চান মিয়ার ছেলে আলেপ হোসেন (২২) ও বাঘেরকান্দা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে বাবুল মিয়া (২০)।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে গ্রেফতার করে মামলা রুজুপূর্বক ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।