আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
সহকর্মী সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি
প্রকাশের তারিখঃ ৮ আগস্ট, ২০২৫
মো. আব্দুল মান্নান :
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আমার সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আমিও এ পত্রিকার স্টাফ রিপোর্টার। এ হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তুহিন বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে গাজীপুর চৌরাস্তা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে লাইভ করার অপরাধে রাতেই তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিষয়টি অত্যন্ত লোমহর্ষক! সাংবাদিকতা এখন মারাত্মক ঝুঁকিতে। এ বিষয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিক লাইভে এসে বলেছেন, সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে আমরা বহু নাটক দেখেছি। আমার সহকর্মী আমার ভাই তুহিন হত্যায় সেই নাটক আর আমরা দেখতে চাই না। প্রধান উপদেষ্টা একজন শিক্ষিত মানুষ, ভালো মানুষ। তিনি এ বিচারটা যথার্থভাবে করবেন। গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সেক্টরের সদস্যরা আছেন। সকালেই যেন শুনি নাটক না করে প্রকৃত আসামিকে আটক করা হয়েছে।
সাংবাদিক তুহিন স্ত্রী ও ২টি সন্তান রেখে মৃত্যুবরণ করলেন। সপরিবারে তিনি গাজীপুর চৌরাস্তা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। শুক্রবার নিজ বাড়িতে আসরের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাদেরকে এ শোক সইবার তাওফীক দান করেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.