নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের ইটাখোলা টু আলিশাহ বাজার রোডে অবস্থিত আরাফাত জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্ভাব্য তারিখ চলতি ২০২৫ সনের ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। রবিবার (৪ আগস্ট) বাদ মাগরিব কার্যকরী কমিটির এক সভায় এলাকার গণ্যমান্য লোকদের নিয়ে ওই তারিখ নির্ধারণ করা হয়। নড়াইল বা আশপাশ এলাকায় যদি ওই তারিখে অন্য কোন প্রতিষ্ঠান সভা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে জানালে এ তারিখ পরিবর্তন করা হবে।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির সহসভাপতি মো. আমজাদ আলী, হাফেজ মাওলানা সাঈদুল ইসলাম, স্থানীয় মুরুব্বি হাসান আলী, কেরামত আলী, রুস্তম আলী, সাধারণ সম্পাদক মানিক মিয়া, হাফেজ আশরাফুল ইসলাম, মসজিদের ইমাম ক্বারী আব্দুল হালিম, কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সদস্য আবুল হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য আলী আসগার, সদস্য রিপন প্রমুখ।
এসময় সদস্য ইউনুস আলী, রমজান আলী, মোফাজ্জল হোসেন, আশরাফ আলী, আহির উদ্দিন, উসমান গণি, ফারুক, কাজিমুদ্দীন, আহমদ আলী, মতলেব, আনোয়ার, জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মসজিদের ফ্লোর করার পর আয় ব্যয়ের হিসাব প্রদান, কূপন বই ছাপানো, মসজিদের মেহরাবসহ সামনের অংশ প্রথম ধাপে টাইলস্ করার প্রস্তুতি ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া মহল্লাবাসীর মধ্যে যারা মসজিদে টাইলস দান করবেন তাদের মধ্যে ৭-৮ জনের নাম তালিকাভুক্ত করা হয়।
বক্তা বিষয়ে আলোচনা হয়েছে। যারা কন্ট্রাক্ট করে ওয়াজ করতে যান, হ্যান্ডবিলে নাম আগে পরে নিয়ে ঝগড়া করেন, হাদিয়া নিয়ে আপত্তি ও বাকবিতন্ডায় লিপ্ত হন এরকম বক্তা দাওয়াত না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাথমিকভাবে ধোবাউড়ার পীর মাওলানা জিল্লুর রহমান, সঞ্চুর দাখিল মাদরাসার উস্তাদ মাওলানা হাতেম আলী, ফুলপুর মহিলা কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আনিসুর রহমান ও ময়মনসিংহ গোপালনগর এমদাদীয়া ফাযিল মাদরাসার একজন উস্তাদের নাম পছন্দের মধ্যে রাখা হয়েছে।
এছাড়া স্থানীয় উলামায়ে কেরামকে বিষয়ভিত্তিক বয়ান করতে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে কার কার নাম হ্যান্ডবিলে যাবে, কার নাম যাবে না এসব বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত নেওয়া যায়নি। আরও যেসব বিষয় রয়েছে এগুলো পরবর্তী সভায় আলোচনা করা হবে। সভাটি বাস্তবায়নে এলাকার সবাইকে স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।