আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে রাস্তার উপর বাড়িঘর নির্মাণ, ভোগান্তি
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সরকারি হালটের উপর বাড়ি নির্মাণ করায় এলাকাবাসীর চলাচলে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সঞ্চুর গ্রামে তালতলা ঈদগাহ মাঠের উত্তর পাশে ১৫৫২ নং হালটে বাড়ি নির্মাণ করায় এর উভয় পাশের মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে বলে জানা যায়।
এলাকাবাসীর পক্ষে সঞ্চুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সিরাজুল ইসলাম মাস্টার হালটের জমি জোরপূর্বক বেদখলের অভিযোগ এনে বলেন, হালটের এই জায়গাটুকু দিয়ে দীর্ঘদিন ধরে জনসাধারণ চলাচল করে আসছিলেন। পরে স্থানীয় আবু হানিফের ছেলে হেলাল উদ্দিন এর উপর বাড়ি ঘর নির্মাণ করায় এলাকাবাসী ঈদগাহ মাঠ দিয়ে চলাচল করতেন। সম্প্রতি মাঠ কমিটি বাঁশ-কাঠ ও সিমেন্টের খাম দিয়ে বাউন্ডারি নির্মাণ করে তাদের ঈদগাহ মাঠ হেফাজতে নেওয়ায় চলাচলে অসুবিধা হচ্ছে পথচারীদের। এখন কোন গাড়ি বা মোটরসাইকেল তো দূরের কথা পায়ে হেঁটেও যাওয়ার কোন সুবিধা নেই। এমতাবস্থায় ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী বালিচান্দা, দক্ষিণ সঞ্চুর ও উত্তর সঞ্চুরসহ আশপাশ এলাকার লোকজন।

বিষয়টি সুষ্ঠু সূরাহার দাবি জানিয়ে প্রায় ৫ মাস আগে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর চলতি বছর ২০ ফেব্রুয়ারি একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। এতে স্থানীয় ইলিয়াস, নাজিম উদ্দীন, আবু হানিফ, আইনাল হক, সিরাজুল ইসলাম, আবু রায়হান সরকার, শামছুল হক, আব্দুল হান্নান, ইমদাদুল হক, সাইদুল, আব্দুছ ছালাম, জয়নাল, ফজলুল হক, আবুল হাশেম প্রমুখ স্বাক্ষর করেছেন। এ ব্যাপারে জানতে শনিবার (১৯ জুলাই ২০২৫) সকালে জায়গাটি সরেজমিন পরিদর্শন করা হয়। এসময় স্থানীয় হানিফ উদ্দিনের ছেলে অভিযুক্ত হেলাল উদ্দিন বলেন, এটা আমার জায়গা। আমি বহুদিন ধরে এখানে ঘর করে আছি। জায়গাটা ভালভাবে মাপ দেওয়া হয়নি। সার্ভেয়ার এনে ভালোভাবে মাপ দিলে যদি হালটে পড়ে তাহলে আমরা তা ছেড়ে দিব। হেলাল উদ্দিনের ছেলে সোহেলও একই কথা বলেন।
এ সময় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম মাস্টার ও সদস্য লুৎফর রহমান বলেন, মাপ দেওয়া হয়েছে। উনার বাড়ি হালটে পড়েছে। অভিযুক্ত হেলাল উদ্দিনের ছোটভাই আব্দুল জলিলও বাড়িটি হালটে পড়েছে বলে স্বীকার করেছেন। তিনি হাত দিয়ে এ প্রতিবেদককে দেখিয়ে বলেন, রাস্তাটি এদিক দিয়ে যাবে। তিনি যেদিক দিয়ে দেখালেন উহা সত্য হলে হেলাল উদ্দিনের বাড়ি হালটের মধ্যে পড়ে। স্থানীয় সুশীল সমাজের সদস্যরা বলেন, সার্ভেয়ার এনে কাগজপত্র দেখে মাপ দিলেই সকল দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটবে। এসময় মজিবর রহমান, আবদুল আহাদ, মিজানুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, হাফেজ মাহদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার নিকট জানতে চাইলে তিনি বলেন, আবেদনের বিষয়ে ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি হালট হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছিল। পরে তিনি স্থানীয় ইউপি সদস্যসহ জায়গাটি পরিদর্শন করে তাদেরকে ঘর সরিয়ে নিতে বললে তারা জায়গাটি মেপে হালটে পড়লে সরিয়ে নিবেন বলে স্বীকার করেছিলেন। পরে সার্ভেয়ার দিয়ে জায়গাটি আর মাপা হয়নি। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক আরও বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে জায়গাটি মাপ দেওয়ার জন্য সরকারি সার্ভেয়ার চেয়ে একটি আবেদন দিলে আমরা এলাকাবাসীর উপস্থিতিতে তা মেপে দিব। বিষয়টি স্থানীয় সিরাজুল ইসলাম মাস্টারকে জানালে তিনি শীঘ্রই সার্ভেয়ারের জন্য দরখাস্ত করবেন বলে এ প্রতিবেদককে জানান।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.