মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বহু কাঙ্ক্ষিত সিংহেশ্বর ইউনিয়নের পলাশকান্দা উত্তরপাড়ায় মালিঝি নদী থেকে বের হয়ে আসা খালের উপর উত্তরপাড়া জামে মসজিদ ও শহীদের বাড়ির মাঝখানে বড় পুটিয়া বাজারে যাওয়ার রাস্তায় ১৯ বছর ধরে ভেঙে কাত হয়ে পড়ে থাকা সেই অবহেলিত ব্রিজটি নতুন করে করে দেওয়ার আশ্বাস দিলেন ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে ব্রিজটি পরিদর্শন করতে গিয়ে এলাকাবাসীকে তিনি এ আশ্বাস প্রদান করেন।
পিআইও আশীষ কর্মকার বলেন, সরেজমিন এসে বুঝতে পারলাম এটি একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। ব্রিজটি এতদিন ধরে ভেঙে পড়ে আছে তা আমার জানা ছিল না। সাংবাদিক আব্দুল মান্নান সাহেবের নিউজ পড়ে উনার সাথে কথা বলে বিষয়টি জানতে পারি এবং আজ তা পরিদর্শনে আসলাম।
এসময় এলাকাবাসী তাদের কষ্টের কথা তুলে ধরে ব্রিজটি জরুরি ভিত্তিতে করে দেওয়ার জন্য অনুরোধ জানান। পরে পিআইও আশীষ কর্মকার ব্রিজটির অবস্থান, দৈর্ঘ্য প্রস্থ ও প্রয়োজনীয় তথ্য নোট করে তাদেরকে শীঘ্রই উহা নতুন করে করে দেওয়ার আশ্বাস দেন।

এসময় স্থানীয় খাজালুদ্দীন, শফিকুর রহমান, আব্দুর রশিদ, পলাশকান্দা উত্তর পাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা বিলাল হুসাইন, আরিফুল ইসলাম, মুনাওওয়ার, আবুল হোসেন, পিআইও অফিস সহকারী মাকসুদুর রহমান, সাংবাদিক মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।