মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ করার অপরাধে দুই কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পরীক্ষাশেষে তাদের আটক করা হয়।
জানা যায়, ১৩ জুলাই উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে এ ঘটনা ঘটে। পরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে বৃহস্পতিবার তাদের আটক করা হয়। আটকরা হলেন, ফজলুল হক মহিলা কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. জয়নাল আবেদীন খোকা ও একই কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এই দুই শিক্ষককে আটক করে থানা হেফাজতে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, তাদের নামে মামলা হয়েছে এবং বৃহস্পতিবার তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।