মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে গাছে ওঠে পাখির বাচ্চা খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাবিল (১২) নামে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে পয়ারী ইউনিয়ন কমপ্লেক্স সংলগ্ন বাবুল মিয়ার রাইস মিলের পাশে এ ঘটনা ঘটে।
নাবিল উপজেলার খালসাইদকোনা গ্রামের নাজমুল ইসলাম ও সিংহেশ্বর ইউনিয়নের সঞ্চুর গ্রামের ডাক্তার আকিকুল ইসলামের ছোট বোন সাবিনার বড় ছেলে।
জানা যায়, সকালে বাড়ি থেকে খেয়েদেয়ে দুই বন্ধুর সাথে পয়ারী গোকূল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে যায়। পরে স্কুল থেকে ফেরার পথে পাখির বাসা নজরে পড়ে। এসময় গাছে উঠতে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজ ক্ষমতাসম্পন্ন পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাবিলকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন হলে নাবিলের লাশ আত্মীয়দের নিকট হস্তান্তর করা হবে।