মো. আব্দুল মান্নান :
লন্ডনে ঘরে বসে হাফেজ হলেন অনলাইন সাফীর মাদরাসার ১২ শিক্ষার্থী। অল্প অল্প করে পড়ে গত ৪ বছরে এসব শিক্ষার্থী কুরআনুল কারীমের হাফেজ হয়েছেন।
শনিবার (১৪ জুন) ‘হিফজ গ্রাজুয়েশন সেরিমনি’ নামে এক জমকালো আয়োজনের মাধ্যমে তাদের মাথায় সম্মানের পাগড়ি পড়ানো হয়। অত্যন্ত মনোমুগ্ধকর এ অনুষ্ঠানটি কমিউনিটির সকল স্তরের সম্মানিত লোকদের উপভোগ্য ও মিলনমেলায় পরিণত হয়। এর আয়োজনে ছিল সাফীর অনলাইন মাদরাসা।

ইমাম, ইসলামিক স্কলার, আইনজীবি, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, পিতা-মাতা, অভিভাবক ও ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত ও প্রাণবন্ত হয়ে ওঠে পূর্ব লন্ডনের Maeda Banqueting Hall.

এই অনলাইন মাদ্রাসায় ভর্তি হয়ে বাসায় বসে বিশ্বমানের শিক্ষকদের কাছে সপ্তাহে মাত্র ১০ ঘন্টা করে পড়ে হাফেজ হয়েছেন এসব ছাত্র ছাত্রী।
শুক্রবারের অনুষ্ঠানের মাধ্যমে বৃটিশ বাংলাদেশী কমিউনিটি তা স্বচক্ষে দেখে অভিভূত হয়ে যান। এসময় আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন তারা এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর মঙ্গল ও উন্নয়ন কামনা করেন।

এ মহতি অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডঃ আবুল কালাম আজাদ ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডঃ মাহমুদ বিন সাঈদ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
* ছবি ও তথ্য প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডঃ মাহমুদ বিন সাঈদের ফেইসবুক আইডি থেকে সংগৃহীত।