মো. আব্দুল মান্নান
ফুলপুরকে যানজটমুক্ত রাখতে কাজ করছেন ময়মনসিংহের ফুলপুর থানার নতুন ওসি মাহবুবুর রহমান। আজ শনিবার (১৩ জানুয়ারি) বিকালে মাঠে নামেন তিনি। ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার দিক নির্দেশনায় রাস্তার যানজট কমাতে ফুটপাত ব্যবসায়ী ও সড়ক সংলগ্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেন ওসি। ব্যবসায়ী ও ক্রেতাদের শতভাগ নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে ওসি তার টিম নিয়ে কাজ করে যাচ্ছেন। আজ শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে আমুয়াকান্দা বাজারসহ পৌরসভার বিভিন্ন শপিং মল ও বাজার সরেজমিন পরিদর্শন করেন ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান। এসময় সেকেন্ড অফিসার সুমন মিয়াসহ পুলিশের একটি টিম তার সাথে ছিলেন।
সাধারণ মানুষের উদ্দেশ্যে ওসি বলেন, ব্যবসায়ীরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারেন এবং সাধারণ মানুষেরও যাতে কোন সমস্যা না হয় সেজন্যই কাজ করছি আমরা। সড়ক যানজটমুক্ত রাখতে সিএনজি, অটো, রিকশা ও মোটরসাইকেলসহ যে কোন যানবাহন রাস্তার উপর পার্কিং করা যাবে না। বাজারের ভেতরে মূল রাস্তায় পলিথিন টানিয়ে ব্যবসা করা যাবে না। গাড়ি পার্কিং করে মালামাল নামানো বা রাখা যাবে না। দোকানের মালামাল রাস্তায় সাজিয়ে রাখলে পথচারীরা চলাচল করবে কেমনে? এতে যানজট সৃষ্টি হয়। যানজট যাতে না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। যানজটের ভীড়েই কিন্তু প্রতারক চক্র, মলম পার্টি, অজ্ঞান পার্টি, চুরি, ছিনতাই হয়ে থাকে। এজন্য আপনারা যদি সচেতন না হন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, আমুয়াকান্দা বাজারের ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সিরাজুল হক, সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর শরীফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।