অনলাইন ডেস্ক :
মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। জানা যায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলাও আছে।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে টিকিট পান তিনি।
তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন। পরে তাকে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এর আগে, ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মধ্যদিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম। তারপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন।
তথ্যসূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন।