অনলাইন ডেস্ক :
ঢাকা-সিলেট মহাসড়কে আনুমানিক ৪১ লক্ষ টাকার তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ময়মনসিংহের ফুলপুর পৌর বিএনপি নেতা জোবায়েদ হোসেন পরাগকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে চলতি ২০২৫ সনের ১০ এপ্রিল প্রায় ৪১ লক্ষ টাকার তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জোবায়েদ হোসেন পরাগকে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল বিশেষ অভিযান চালিয়ে জোবায়ের হোসেন পরাগকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়ের হোসেন পরাগ এবং তার সহযোগী মোঃ রজব আলী একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে ডাকাতি করার কথাও জানিয়েছেন। ৭ দিনের রিমান্ডশেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এই বিএনপি নেতা এর ২ মাস আগেও চোরাকারবারি মামলায় জামালপুর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এবং ১ মাসেরও বেশি সময় কারাভোগ করেছেন। এখন আবার ধরা খাওয়ায় স্থানীয় রাজনৈতিক মহলে এটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা যায়, জোবায়েদ হোসেন পরাগ ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লবের বড়ভাই। ২০২৪ সনে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। ওই অভিযোগে তাকে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।
জামালপুরের ৬০ লক্ষ টাকার চোরাকারবারি মামলায় গ্রেফতার, ১ মাস কারাভোগ এবং সর্বশেষ ৪১ লক্ষ টাকার দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেফতারের পরেও ফুলপুর পৌর বিএনপি জোবায়ের হোসেন পরাগের বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের নিকট এ বিষয়ে জানতে চাইলে, তারা কোনো কথা না বলে ফোন কেটে দেন।
অন্যদিকে, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারাও কোনো মন্তব্য করেননি।
ফুলপুর থানার ওসি আব্দুল হাদি এ ঘটনায় নরসিংদী ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফুলপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ রাখতে তার বাহিনী কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, চোরাকারবারি, ডাকাতি, মাদক ব্যবসা ও জুয়ার মতো অপরাধকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এসব অপরাধে জড়িতদের তালিকা তৈরির কাজ চলছে। তদন্ত করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে।