মো. আব্দুল মান্নান
বড় নেতারা আমার পক্ষে কেউ ছিল না; ছিলেন আপনারা। আমার পক্ষে কোন বড় নেতা বক্তৃতা করে নাই। আমার ২/৪ জন চাচা ছাড়া আমার সাথে কেউ ছিল না। শুধু ছিলেন আপনারা। আমার শরীরের রক্তবিন্দু দিয়েও আমি আপনাদের এ ঋণ কোনদিন শোধ করতে পারবো না।
৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এমপি মাহমুদুল হক সায়েম পরদিন উচ্ছসিত জনতার সামনে বিজয়ী বেশে ধোবাউড়ায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে গিয়ে বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, নেতৃত্ব যেহেতু একবার এনেছি আপনাদেরটা এটা আর কাউকে দিব না। আপনারা আমার উপর বিশ্বাস রাখবেন। আমরা হালুয়াঘাটকে কলুষমুক্ত করতে চাই। আমরা পরিচ্ছন্ন করতে চাই ধোবাউড়াকে। এই দুই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে রাস্তা ঘাটের জন্য কষ্ট করে আসছে।
আমি কেন বলি যে, রাস্তা হয়নি। এটাও ছিল আমার অপরাধ। আমার অপরাধের কোন শেষ ছিল না।
এমন লোকজন আমার সম্বন্ধে এমন মন্তব্য করেছেন যাদের বাপ-দাদার কোন পরিচয় নাই। তাদের বাপ-দাদাকেও মানুষ চিনে না। অনেক কিছু বলেছে। তারপরও সহ্য করেছি। আল্লাহ বলেছেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। তাই ধৈর্য ধরেছিলাম এবং ধৈর্য ধরে থাকবো।

আপনারা আজ এখানে যারা এসেছেন আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, আপনারা ধৈর্য ধরবেন। এখন আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো হালুয়াঘাট ও ধোবাউড়ার উন্নয়ন। ৯৬০ কিলোমিটার রাস্তার মধ্যে বিগত দিনে পাকা হয়েছে মাত্র ১২৫ কিলোমিটার। এখন অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে হবে। এটাই আমাদের প্রথম এবং প্রধান কাজ।
তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আল্লাহ তায়ালা আমাদের প্রতি সন্তুষ্ট আছেন। সন্তুষ্ট আছেন বলেই তিনি এ সম্মান আমাদেরকে দিয়েছেন। বিজয় মিছিল আমরা এখন করবো না। বিজয় মিছিল আমরা পরে করবো। আপনারা সবাই ভাল থাকবেন।