মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে একটি শিশু পার্কের আশ্বাস দিলেন স্থানীয় সরকার বিভাগ সচিব রেজাউল মাকছুদ জাহেদী। আজ শুক্রবার (২ মে) বাদ জুমা ময়মনসিংহ সার্কিট হাউজে একটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করলে ফুলপুর উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে উনার নিকট একটি শিশু পার্কের দাবি জানালে তিনি এ আশ্বাস দেন।

জানা যায়, ফুলপুর প্রথম শ্রেণির ক্যাটাগরির একটি পৌরসভা। এখানে শিশুদের সুস্থ বিনোদনের কোন জায়গা নেই। তাই দীর্ঘদিন ধরে উর্ধতন কর্তৃপক্ষের নিকট ফুলপুরে একটি শিশু পার্ক নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন দায়িত্বশীলরা। এ বিষয়ে নিউজ করেছেন সাংবাদিকরা কিন্তু আজও ফুলপুরে একটি শিশু পার্ক নির্মিত হয়নি।

আজ আবারও স্থানীয় সরকার বিভাগ সচিব রেজাউল মাকছুদ জাহেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলপুরে একটি শিশু পার্কের দাবি তুলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম সিরাজুল হক প্রমুখ।

তারা বলেন, ফুলপুর একটি প্রথম শ্রেণির ক্যাটাগরির পৌরসভা হলেও এখানে শিশুদের সুস্থ বিনোদনের জন্য কোন শিশু পার্ক নেই। এখানে একটি শিশু পার্ক প্রয়োজন। এসময় আরও নানা উন্নয়নের দাবি তোলা হয়। পরে স্থানীয় সরকার বিভাগ সচিব ফুলপুরের কৃতি সন্তান রেজাউল মাকছুদ জাহেদী তাদের আশ্বাস দিয়ে বলেন, দেখবো, কি করা যায়। এর আগে সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।