আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
১০ বছর ধরে বিছানায় পরা শ্রমিক আলাউদ্দিন, একটু খোঁজ খবর নিলে ভাল হয়
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ ভবন সংলগ্ন সাহেব রোডে চাচার বাসায় থাকেন অসহায় প্যারালাইজড রোগী শ্রমিক আলাউদ্দিন (৫৮)। তার বাবার নাম মরহুম শাহাবুল মিয়া। মাও জীবিত নেই। তারা ৪ ভাই দুই বোন। ভাইদের মধ্যে আলাউদ্দিন সবার ছোট। অন্য ভাইয়েরাও কেউ তেমন স্বচ্ছল নয়। আলাউদ্দিনের কোন জমিজমা নেই। চাচা মাহাদুল মিয়ার কোন ছেলে সন্তান না থাকায় সাহেব রোডে কিছু অংশ পাবেন আলাউদ্দিন। ওই অংশে তিনি থাকেন। প্রায় ১০ বছর যাবৎ তিনি অসুস্থ। স্ট্রোক করেছেন। তার এক সাইড কাজ করে না। যৌবনকালে তিনি মানুষের বাড়িতে শ্রম দিতেন। কৃষি কাজ করতেন। পরবর্তীতে ভ্যান গাড়ি চালাতেন কিন্তু স্ট্রোক করার পর থেকে তিনি এখন আর কিচ্ছু করতে পারেন না। ঘরে পরা। চেয়ারে বসে টয়লেটের কাজ সারেন। একাকীত্ব জীবন যাপন করছেন। দেখাশোনার তেমন কেউ নেই বললেই চলে। উনার বিবি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ময়মনসিংহে পাটগুদাম এলাকায় তার মায়ের আশ্রয়ে থাকেন। ছেলেমেয়েরা সেখানে সম্ভবত পড়াশোনা করে। তাদের কারো বিয়ে শাদি হয়নি। বিবি ময়মনসিংহে থাকায় আলাউদ্দিনের দেখাশোনা করার তেমন কেউ নেই বললেই চলে। ভাই ভাবী যারা আছেন তারাও পেরেশানি ও টেনশানেই থাকেন। উনার সেবাযত্ন করবেন এতটা সময় হয়তো নেই।
সরেজমিন গিয়ে দেখা যায়, আলাউদ্দিন একটি নোংরা কক্ষে থাকেন। তার থাকার কক্ষ থেকে টয়লেটের মত এক ধরনের দুর্গন্ধ অনুভূত হচ্ছিল। গায়ের কাপড় কবে থেকে ধোয়া হয় না তা বলা যাচ্ছে না। লেপের কভার নেই। বিছানার চাদর নেই। মশারীটাতে হাঁস মুরগী চলাচলের মত বড় বড় গর্ত। উহা টানানো থাকলেও এর কোন সার্থকতা নেই। নাকের পেডা ও কাশ থুথু সম্ভবত লেপ বা বিছানাতেই মুছে ফেলেন। যে কারণে পরিবেশটা বর্তমানে বসবাসের অযোগ্য। তার এত অসুখ থাকলেও টাকার অভাবে খাওয়ার মত কোন ওষুধ নেই। বলা যায়, ধুঁকে ধুঁকে মরার পথে এগুচ্ছেন আলাউদ্দিন।

আজ বৃহস্পতিবার (১ মে) জাতীয় শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে শ্রমিকদের খোঁজ খবর নিতে এ প্রতিবেদক সরেজমিন আলাউদ্দিনকে দেখতে যান। এসময় তাবলীগের তিন চিল্লার সাথী জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের কর্মচারী হাজী ফারুক ও ফুলপুর বাসস্ট্যান্ডে মতি মার্কেটে মুসলিম বোরকা হাউজের প্রোপ্রাইটর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ সাথে ছিলেন।
যতদূর খবর নিয়েছি, কোন শ্রমিক নেতা বা উপজেলা প্রশাসনের কেউ তার কোন খোঁজ খবর রাখেন না। আপনারা যারা শ্রমিক নিয়ে কাজ করেন, শ্রমিকদের অধিকার নিয়ে সরব থাকেন তাদেরকেসহ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আলাউদ্দিনের একটু খোঁজ খবর নিলে ভাল হয়।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.