মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় দেশব্যাপী এ পরীক্ষা শুরু হয়।

এতে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মোট ১ লাখ ৬ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে নিয়মিত ৯১ হাজার ৮৩৫ জন ও অনিয়মিত ১৫ হাজার ১৩৭ জন। জানা যায়, ময়মনসিংহ জেলার ৬৫টি কেন্দ্রে এবার ৪৬ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আর জামালপুর জেলার ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৬৫৮ জন, নেত্রকোনা জেলার ২৬টি কেন্দ্রে ১৯ হাজার ৬২২ জন ও শেরপুর জেলার ১৩টি কেন্দ্রে মোট ১৪ হাজার ১১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৪ হাজার ৪৫৩ জন, মানবিক বিভাগে পরীক্ষার্থী ৫৭ হাজার ৭৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
পরীক্ষা অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি বলেন, নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহ জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে নজরদারি নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে সরেজমিন গিয়ে পরিদর্শন করা হয়েছে। এসময় তিনি শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে সুযোগ সুবিধার দিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এসময় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।