মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে ৮নং নড়াইল ইউনিয়নের সকল হাফেজ ও আলেমদেরকে সংবর্ধনা দেওয়া হবে। ঈদের একদিন পর এ সংবর্ধনা বা সম্মাননা দেওয়ার ব্যাপারে আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে পূর্ব নড়াইল দাখিল মাদরাসা জামে মসজিদে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি প্রচারের জন্য ও নড়াইল ইউনিয়নের সকল উলামায়ে কেরামের উপস্থিতি নিশ্চিত করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্মাননা ক্রেস্টে কারো নামের বানান বা ঠিকানা যাতে ভুল না হয় এজন্য অনলাইনে ও সহস্তে পূরণের নিমিত্তে ফরম বিতরণ করা হবে। এছাড়া এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তিন ধরনের কমিটি গঠন করা হবে। ইউনিয়নের প্রবীণ আলেমদের নিয়ে উপদেষ্টা কমিটি, যুবকদের নিয়ে ব্যবস্থাপনা কমিটি ও সার্বিক খেদমত আঞ্জাম দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হবে।
পূর্ব নড়াইল গ্রামের সন্তান এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও একই গ্রামের সন্তান হালুয়াঘাট কাচারি বাজার বাইতুস সালাম জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৮নং নড়াইল ইউনিয়নের গোপীনগর গ্রামের কৃতি সন্তান হালুয়াঘাট উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আবুল খায়ের, নড়াইল গ্রামের কৃতি সন্তান ধারা বাজার ধানহাটা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, বাঘমার সালেহাতুল জান্নাত ক্বওমী মহিলা মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল মুনাঈম, খরমা খাদিমুল জান্নাত ক্বওমী মহিলা মাদরাসার শিক্ষক মাওলানা বখতিয়ার হাবীব, আলীশাহ বাজার দারুল উলূম হামিদুন্নূর ক্বওমী মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ আলী আকবর, ডোবারপাড় মাদরাসার শিক্ষক মুফতী আজহারুল ইসলাম, কিসমত নড়াইল মদীনাতুল উলূম মহিলা মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ইলিয়াস প্রমুখ।