আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
এসএসসি পাস ছেলে নিজের তৈরি বিমান উড়িয়ে তাক লাগিয়ে দিলেন এলাকাবাসীকে
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৫
অনলাইন ডেস্ক :
মাত্র এসএসসি পাস অল্প বয়সী জুলহাস নামে গরিব ঘরের কৃষকের এক ছেলে নিজের তৈরি বিমান আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিলেন এলাকাবাসীকে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মানিকগঞ্জের জাফরগঞ্জ চরে তিনি ওই বিমানটি উড়ান। প্রায় ৩০ ফুট উপরে উঠেছিল। আনুমানিক এক কিলোমিটার পরিভ্রমণ করেন তিনি।
তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাটঘর গ্রামের জলিল মোল্লার পুত্র। ২০১৪ সনে এসএসসি পাস করে একটা চাকরিতে যোগদান করেছিলেন জুলহাস। পরে ইউটিউব দেখে বিমান বানানোর জন্য উদ্বুদ্ধ হন এবং তার এ চিন্তাকে কাজে লাগাতে চেষ্টা করতে থাকেন। অবশেষে ৪ বছরের মাথায় সফল হন জুলহাস।
তার এ উদ্ভাবনী চিন্তা ও কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে তাকে পুরস্কৃত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। জুলহাসের বিমান উড়ানোর দৃশ্য সচক্ষে দেখতে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেনকে সাথে নিয়ে জেলা প্রশাসক নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিমান ল্যান্ড করার পর জুলহাস মোল্লাকে জড়িয়ে ধরে আদর করেন ড. মানোয়ার হোসেন মোল্লা। মোল্লারা পারে সে কথাই প্রমাণিত হল জাফরগঞ্জ চরে।
এসময় জাফরগঞ্জ চরে হাজারো উৎসুক জনতার ভীড় জমে। ৬ ভাইবোনের মধ্যে জুলহাস ৫ম। মাত্র দেড় লাখ টাকা খরচ করে ৪ বছরের সাধনায় সফল হন তিনি।
এ ঘটনায় এলাকাবাসী জুলহাসের প্রতি দারুণ খুশি, মুগ্ধ ও রীতিমতো ভক্ত। তারা মনে করেন শুধু ষাটঘর গ্রাম উন্নয়ন নয় বরং সরকারের সহযোগিতা পেলে তাদের জুলহাস পুরা দেশ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন। জুলহাসও এমনটিই মনে করেন। তিনি বলেন যে, সরকার সহযোগিতা করলে বিমানকে সহজলভ্য করা যাবে। ঘরে ঘরে মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.