মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হচ্ছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে উপজেলার আমুয়াকান্দা বাজার মনিটরিং করা হয়। পবিত্র রমজান উপলক্ষে তেলসহ অন্যান্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এ মনিটরিং কার্যক্রম বা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান করা হয়। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেওয়ার জন্য সবাইকে সতর্ক করা হয়। অভিযানে ফুলপুর থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিতা করে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।